জাতীয় ডেস্ক
ঢাকা: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জেই দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন রাখা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা ও গোপালগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা না ঘটে।
মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












