স্পোর্টস ডেস্ক
ঢাকা: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তবে এবার কোনো ক্রিকেট ম্যাচ বা নিলামের কৌশল নয়, বরং নিজের বিয়ে উপলক্ষে সান গ্রুপের কর্মীদের সোনার আংটি উপহার দিয়ে নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।
জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে কাব্য মারানের বিয়ের আনন্দে অফিসের কর্মীদের জন্য বিশেষ এই উপহার পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কর্মীদের দেওয়া উপহারের বাক্সে বিয়ের আমন্ত্রণপত্র ও চকলেটের পাশাপাশি একটি করে সোনার আংটি রয়েছে। ভিডিওতে এক কর্মী উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তাঁরা ভেবেছিলেন সোনার মুদ্রা পাবেন, কিন্তু বাক্স খুলে সোনার আংটি পেয়ে অবাক হয়েছেন।
একজন কর্মী সোনার আংটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও আংটির ওজন, মূল্য কিংবা ঠিক কতজন কর্মী এই উপহার পেয়েছেন সে সম্পর্কে সান গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে উপহারের বাক্সের ভেতরে থাকা আমন্ত্রণপত্রে আগামী ২৫ নভেম্বর একটি মধ্যাহ্নভোজের উল্লেখ রয়েছে, যা সান গ্রুপের কর্মীদের জন্য আলাদা আয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ১১ নভেম্বর গ্রিসে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিনসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। আজ শনিবার (২১ নভেম্বর) চেন্নাইয়ে এই দম্পতির বড় মাপের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চেন্নাইয়ের এই জাঁকজমকপূর্ণ সংবর্ধনায় ক্রিকেট, চলচ্চিত্র, ব্যবসা ও রাজনীতির শীর্ষ তারকাদের মিলনমেলা বসবে বলে আশা করা হচ্ছে। সানরাইজার্সের সাবেক পেসার ও বোলিং কোচ ডেল স্টেইন ইতোমধ্যেই সপরিবারে চেন্নাই পৌঁছে গেছেন। এ ছাড়া শাহরুখ খান, কমল হাসান, আল্লু অর্জুন ও অজিত কুমারের মতো তারকাদের উপস্থিত থাকার গুঞ্জন রয়েছে, যা আইপিএল ভক্তদের মাঝেও বাড়তি কৌতূহল তৈরি করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












