জাতীয় ডেস্ক
ঢাকা: রাজধানীর কাফরুলে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে ব্যস্ততম এ এলাকায় হঠাৎ বিস্ফোরণের শব্দে পথচারী ও যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা এক দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম এবং বি-গেটের মধ্যবর্তী রাস্তার ওপর ককটেলটি নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ওই দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে কাফরুল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত একটি জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









