বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী ও ভারতীয় সিনেমায় একচ্ছত্র রাজত্ব করে যাচ্ছেন সুপারস্টার রজনীকান্ত। একসময় সাধারণ বাস কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা এই অভিনেতা আজ ভারতের অন্যতম ধনী ও জনপ্রিয় তারকা। তবে নিজের অর্জিত সম্পদের একটি বড় অংশ পরিবারকে না দিয়ে জনকল্যাণমূলক ট্রাস্টের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রজনীকান্তের ‘রাঘবেন্দ্র মণ্ডপম’ নিয়ে তাঁর একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। প্রায় সোয়া একর জমির ওপর ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটির সঙ্গে জড়িয়ে রয়েছে অভিনেতার অসংখ্য স্মৃতি ও সামাজিক কর্মকাণ্ড।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে রজনীকান্তকে বলতে শোনা যায়, তাঁর মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। সেখান থেকে উপার্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হবে, কিন্তু তাঁর পরিবার এর এক পয়সাও পাবে না।
এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে রজনীকান্ত জানান, তাঁর আজকের এই আকাশচুম্বী জনপ্রিয়তা ও সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান সাধারণ দর্শকদের। বছরের পর বছর ধরে টিকিটের দাম যা-ই হোক না কেন, তামিলনাড়ুর মানুষ ভালোবেসে তাঁর সিনেমা দেখেছেন এবং তাঁকে সমর্থন দিয়েছেন।
ভক্তদের সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান থালাইভা। উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে চেন্নাইয়ের ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য এই মণ্ডপমটি উন্মুক্ত করে দিয়েছিলেন তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












