বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী ২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে এই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে।
২০০৭ সালের ১৯ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর ঠিক পরদিন আজব কারখানার উদ্যোগে এই বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর কালজয়ী গানগুলোর পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা এবং অনিন্দ্য বিশ্বাস।
বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ দলছুটের প্রতিষ্ঠাতা ও কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী ছিলেন এক স্বতন্ত্র সংগীতস্রষ্টা। তাঁর লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’ গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে গেঁথে আছে।
শহুরে তরুণ শ্রোতাদের কাছে বাংলা লোকগানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তাঁর ছিল অসামান্য অবদান। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ ও ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে।
সঞ্জীব চৌধুরীর গান, কবিতা ও জীবনবোধের অনন্য সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা এবং অনুষ্ঠানস্থল থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে হলে খরচ পড়বে ১ হাজার টাকা।
বাংলাফ্লো/এম এইচ এইচ









