আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে আন্তোনভ এএন-১২ মডেলের একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে কেমেরোভো অঞ্চলে ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যদের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবার কর্মীরা উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জ্বালানি ব্যবস্থায় ত্রুটির কারণে বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে আগুনের সূত্রপাত হয়। এর ফলে উড়োজাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থা পুরোপুরি বিকল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সেটি বিধ্বস্ত হয়। রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির একটি ইঞ্জিন পুড়ে যায় এবং জ্বালানি ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জ্বালানি লিকেজ, ইঞ্জিনে অগ্নিকাণ্ড ও হাইড্রোলিক ব্যবস্থার ত্রুটিসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে বিশেষ তদন্ত দল এবং বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন ইতোমধ্যেই কাজ শুরু করেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাফ্লো/এম এইচ এইচ










