জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় তাদের জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রেনের চালক (লোকোমাস্টার) নজরুল ইসলাম এবং সহকারী চালক কবির হোসেন।
আহত চালক নজরুল ইসলাম জানান, গভীর রাতে খালি মালবাহী ট্রেনটি নিয়ে সিগন্যালের অপেক্ষায় দর্শনা জংশনের আউটার সিগন্যাল এলাকায় অবস্থান করছিলেন তারা। এ সময় ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল অস্ত্র নিয়ে হঠাৎ ইঞ্জিনে উঠে হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে মারধর করে এলোপাতাড়ি কোপ দেয় এবং জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নেয়। তবে এমন আহত অবস্থাতেই সাহসিকতার সঙ্গে ট্রেনটি চালিয়ে ভোর ৫টার দিকে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান তারা।
উথলী স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর তিনি আহত চালক ও সহকারী চালককে উদ্ধার করেন এবং স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে পরে আলাদা দুটি ট্রেনে তাদের ঈশ্বরদীতে পাঠান। সকাল ১০টার দিকে অন্য একজন লোকোমাস্টার এসে ট্রেনটির দায়িত্ব নিলে সেটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও ট্রেনটি পরিদর্শন করেছেন। দর্শনা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনের জন্য সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল মালবাহী ট্রেনটি। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনে ভাঙচুর চালিয়ে চালকদের কাছ থেকে মুঠোফোন ও নগদ ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









