আন্তর্জাতিক ডেস্ক ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশে থাকা অবস্থায় ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দাবি করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।
সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি সামাজিক মাধ্যম এক্সে জানান, সোমবার সন্ধ্যার পর রিয়াদকে লক্ষ্য করে একটি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সৌদির এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এদিকে হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী রিয়াদ ও খামিস মুশাইতে হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতে সৌদি বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়েছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বিমান সংস্থা ও পর্যটকদের সতর্ক করে বলেছেন, মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের বাকি আকাশসীমা আর নিরাপদ নয়। এর আগে শনি ও রোববারের হামলায় কিং খালেদ বিমানবন্দরে ১৪ জন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










