বিনোদন ডেস্ক
ঢাকা: ব্রাইডাল ফটোশুটে বর ও কনের সাজে ক্যামেরাবন্দি হয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ঢালিউডের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ। সম্প্রতি তাদের নতুন এই ফটোশুটের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
প্রকাশিত ছবিতে অপু বিশ্বাসকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কাজ করা একটি লেহেঙ্গায়, যার ওড়নার রঙ ছিল উজ্জ্বল হলুদ। কানে ও গলায় ভারী অলংকার এবং মাথায় টিকলিতে নিখুঁত বাঙালি কনে রূপে ধরা দিয়েছেন তিনি। অন্যদিকে বর বেশে আদর আজাদকে পরানো হয়েছিল লাল সুতোর কাজ করা রাজকীয় পাঞ্জাবি।
সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’ তাদের এই জমকালো ফটোশুটে দুজনের রসায়ন দেখে ভক্তরা মন্তব্যের ঘরে প্রশংসার জোয়ার বইয়ে দিচ্ছেন। অনেকে মন্তব্য করেছেন, তাদের একসঙ্গে দারুণ মানিয়েছে। ফটোশুটের মেকওভার, স্টাইলিং ও পোশাকের বিশেষ ক্রেডিটও তুলে ধরেছেন নায়িকা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












