শিক্ষা ডেস্ক
ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এবার দীর্ঘ ছুটির আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছেন দেশের শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার বাৎসরিক ছুটির তালিকার সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে প্রতিষ্ঠানভেদে টানা ছুটির সময় দাঁড়াচ্ছে ১০ থেকে ১৬ দিন পর্যন্ত। সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজায় ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ এবং পরবর্তীতে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি ও ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে মাধ্যমিক স্তরে টানা ১০ দিনের দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষার্থীরা।
কলেজ স্তরের শিক্ষার্থীদের জন্য এই ছুটির পরিধি আরও অনেক দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং পরবর্তী ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে কলেজের শিক্ষার্থীরা সর্বমোট ১৬ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন। এছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী ইবতেদায়ী ও দাখিল স্তরের মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে। এদিকে সরকারি চাকরিজীবীদের জন্যও এবার ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সাপ্তাহিক বন্ধসহ টানা ৫ দিনের ছুটি নিশ্চিত হয়েছে।
তবে স্বায়ত্তশাসিত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব সিন্ডিকেট, অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পৃথকভাবে পূজার ছুটি নির্ধারণ করে থাকে। ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছুটির মেয়াদ, আবাসিক হল খোলা বা বন্ধ রাখা এবং ক্লাস-পরীক্ষার সূচি কিছুটা ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজ নিজ প্রতিষ্ঠানের চূড়ান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










