বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সারাদেশে মারাত্মক রূপ নিয়েছে হাম ও এর উপসর্গের সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে এ বছর হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২২৪ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ৭৩ জন, ময়মনসিংহে ৪৯ জন, রংপুরে ৩৯ জন এবং রাজশাহীতে ২৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন ইতিমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হামের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৬৬৬ জনের শরীরে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












