বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে প্রিজনভ্যান থেকে নামানোর সময় মাথায় হেলমেট পরানো নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সিএমএম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান থেকে নামানোর সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা নিরাপত্তার স্বার্থে তার মাথায় হেলমেট পরাতে গেলে তিনি চরম আপত্তি জানান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বলেন, ‘আমি পুলিশের গুলি খাবো, তবু মাথায় হেলমেট পরবো না।’
সাবেক এই সেনা কর্মকর্তা জোর দিয়ে বলেন, ‘আমাকে সম্পূর্ণ অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের কেউ না। এখানে আমি পুলিশের গুলি খাবো, কিন্তু হেলমেট পরবো না। হেলমেট এখন আওয়ামী লীগের প্রতীক হয়েছে।’ তবে হেলমেটে আপত্তি জানালেও হাতকড়া পরাতে কোনো বাধা দেননি তিনি। পুলিশকে লক্ষ্য করে তিনি বলেন, ‘হাতকড়া পরান, একশ বার হাতকড়া পরান; অসুবিধা নেই।’ হাতকড়া পরানোর পর দুই হাত উঁচিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার সৃষ্ট স্বাধীন দেশে আজ আমাকেই হ্যান্ডকাফ পরানো হচ্ছে।’ একপর্যায়ে পুলিশ জোর করে মাথায় হেলমেট পরালে প্রিজনভ্যান থেকে নেমে ক্ষোভে সেটি ছুড়ে ফেলেন তিনি।
উল্লেখ্য, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা ফ্লাইটের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে গালাগাল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় শুক্রবার বিকেলে ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির সাবেক এই সংসদ সদস্য দল থেকে একাধিকবার বহিষ্কার হওয়ার পর গত বছরের ডিসেম্বরে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












