আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং নতুন করে হামলার তীব্র হুমকির মুখে মক্কা প্রতিরক্ষা জোটের দুই সদস্য দেশ তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানদের সঙ্গে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন সৌদি আরবের সেনাপ্রধান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের এই সংবেদনশীল মুহূর্তে তিন প্রভাবশালী মুসলিম দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের এই বৈঠককে ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামাদ বিন রুয়ালি, তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলকুক বায়রাক্তারগলু এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনিরের মধ্যে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাঁতভাঙা জবাব এবং সার্বিক আঞ্চলিক সামরিক নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিশদ আলোচনা হয়।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের বিভিন্ন সামরিক ও কৌশলগত বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সম্প্রতি দফায় দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। ভবিষ্যতে এ ধরনের হামলা আরও বাড়ানোর প্রকাশ্য হুমকিও দিয়েছে তারা। এই বাস্তবতায় গত মাসে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় আক্রান্ত দেশকে সামরিক সহায়তা ও যৌথ প্রতিরোধ গড়ে তোলার প্রক্রিয়া চূড়ান্ত করতেই এই তিন সেনাপ্রধান এক টেবিলে বসেছেন বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ











