বিনোদন ডেস্ক
ঢাকা: ঢালিউডের জনপ্রিয় ‘ব্যর্থ প্রেমিক’খ্যাত অভিনেতা বাপ্পারাজ দীর্ঘ বিরতি শেষে নতুন রূপে বড়পর্দায় ফিরছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার পর আর রুপালি পর্দায় দেখা যায়নি তাকে। মাঝে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখালেও সেসব এখনো আলোর মুখ দেখেনি। এবার মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমায় দেখা যাবে জ্যেষ্ঠ এই অভিনেতাকে।
সম্প্রতি জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘গুলশানের চামেলি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। সেখানেই তিনি বাপ্পারাজের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন আরেক জনপ্রিয় অভিনেতা আমিন খান। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধন।
সিনেমায় বাপ্পারাজের চরিত্রটি কেমন হবে, তা আপাতত গোপনই রেখেছেন নির্মাতা। তিনি জানান, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।
‘গুলশানের চামেলি’ সিনেমাটি মূলত রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত হচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে এবং আগামী বছরের যেকোনো ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












