বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ির নতুন সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর সিনেমাটি দর্শকদের সামনে আসবে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজার ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বুকারজয়ী প্রখ্যাত ভারতীয় লেখক অরবিন্দ আদিগার একই নামের বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক বেন রেখি। এতে মনোজ বাজপেয়ির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত। ‘সালাম বোম্বে’ খ্যাত সুনি তারাপোরওয়ালার চিত্রনাট্যে সিনেমাটির সংলাপ লিখেছেন ‘পিকু’ ও ‘অক্টোবর’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী। সংগীত পরিচালনা করেছেন তামিল সিনেমা ‘৯৬’খ্যাত গোবিন্দ বসন্ত। সিনেমাটি পরিবেশনা করছে দক্ষিণী তারকা রানা দাগ্গুবাতির প্রযোজনা সংস্থা ‘স্পিরিট মিডিয়া’।
জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের কাজ শেষ করার পরই নতুন এই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন মনোজ বাজপেয়ি। ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে ‘মাস্টারজি’ নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কেন্দ্র করে। আবাসন সংকট ও জীবন পরিবর্তনের প্রলোভনে যখন তার চারপাশের মানুষ নিজস্ব সিদ্ধান্ত বদলে ফেলে, ঠিক তখনই তিনি একাই নিজের নীতিতে অটল থাকেন। এতে ব্যক্তিগত নীতি আর পরিস্থিতির প্রলোভনের দ্বন্দ্বে সাধারণ মানুষের সম্পর্কের টানাপোড়েন ও কঠিন সিদ্ধান্ত নেওয়ার বাস্তবধর্মী গল্প তুলে ধরা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










