শিক্ষা ডেস্ক
ঢাকা: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালনে সারা দেশের পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, কুইজ ও বিষয়ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট দপ্তরগুলো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। মূলত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগেও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে টেলিভিশন ও রেডিওতে ওয়াজ মাহফিল, সেমিনার ও টক শো প্রচারের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কিরাত, হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করা হয়েছে।
ঈদে মিলাদুন্নবীর ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা বজায় রাখতে দিবসটির আগের দিন, দিবসটি এবং পরের দিনসহ মোট তিন দিন ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো সাংস্কৃতিক আয়োজন বন্ধ রাখার কড়া নির্দেশনা রয়েছে। এ সময় যাত্রা, জারিগান ও আতশবাজির মতো কোনো আয়োজন করা যাবে না।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












