বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ উপলক্ষে দেশজুড়ে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক ও পরিচালকের পক্ষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দেশব্যাপী ইবাদত-বন্দেগি, সালাত ও জিকিরসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। এই ধর্মীয় অনুষ্ঠানটি যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে পালিত হয়, সেজন্য র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করছে।
র্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েনের পাশাপাশি আগে থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা এবং নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও এই কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা কোনো গোষ্ঠীর মাধ্যমে ঈদ-ই-মিলাদুন্নবীর অনুষ্ঠানে হামলা, নাশকতামূলক কর্মকাণ্ড ও অপতৎপরতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সব নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিতর্কিত ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট বা ছবি আপলোড চিহ্নিত করতে র্যাবের চলমান সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার করা হয়েছে। র্যাব ফোর্সেস দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে দিবসটি উদযাপনের আহ্বান জানানোর পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












