স্পোর্টস ডেস্ক
ঢাকা: মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের ফলাফল হয়তো খুব একটা প্রভাব ফেলে না, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটারদের জন্য কত বড় পরীক্ষা অপেক্ষা করছে, সেটি আঁচ করা গেল এই ম্যাচেই। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ দল। ফলস্বরূপ, ইনিংস এবং ৩৮ রানের বড় ব্যবধানে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দারুণ এক সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলেছিল টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৫ রানে অলআউট হয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দুই ইনিংস মিলিয়েও অজিদের ওই রান পার করতে পারেনি বাংলাদেশ।
২ উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামা বাংলাদেশ দল ২২ ওভারেই মাত্র ৫৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ওপেনার তানজিদ হাসান তামিম (৪১ বলে ২২) ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। বাকিদের স্কোরকার্ড যেন ফোন নম্বরের ডিজিটের মতো দেখাচ্ছিল— সাদমান ৬, মুমিনুল ৬, সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ২, অমিত হাসান ৪, নাজমুল হোসেন শান্ত ০ এবং প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ করেন মাত্র ৬ রান।
বাংলাদেশের এই ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পেসার ক্যাম্পবেল থম্পসন। একাই মাত্র ২৫ রান খরচে বাংলাদেশের ৮টি উইকেট শিকার করে টাইগার ব্যাটারদের রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ











