বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই হাইপ্রোফাইল বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশে আসেন সার্জিও গোর। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে এটিই তার প্রথম ঢাকা সফর। সফরের প্রথম দিনেই তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
উক্ত বৈঠকের পরপরই বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করার এক বড় ঘোষণা আসে। বাংলাদেশকে ‘লেভেল-৩’ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে কমিয়ে ‘লেভেল-২’ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে ওয়াশিংটন। বৈঠক শেষে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর নিজেই খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন। এই সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বলে প্রতিফলিত হয়েছে।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সার্জিও গোরের নেতৃত্বে ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। তারা উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর বিভিন্ন আন্তর্জাতিক সেবা কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন। ওই সময় নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফেরার আকুতি জানিয়ে মার্কিন প্রতিনিধিদলের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গারা।
কক্সবাজার সফর শেষে শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হলেন সার্জিও গোর। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের মধ্য দিয়েই তার তিন দিনের বাংলাদেশ মিশন শেষ হতে যাচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












