বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: জাতীয় সংবাদ সংস্থা বাসস-এর সাবেক বার্তা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে দেশের গণমাধ্যম ও শিক্ষা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার রাতে তার মরদেহ ধানমন্ডি ৩২ নম্বরের ‘সাঁঝের মায়া’ বাসভবনে রাখা হয়। বর্তমানে বিদেশে অবস্থানরত তার বোন মানবাধিকার কর্মী সুলতানা কামাল জানিয়েছেন, রোববার (৫ জুলাই) জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশে তাকে দাফন করা হবে। তিনি বর্তমান জীবিত দুই বোন ও এক ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন।
শাহেদ কামাল ১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেসে (এপিপি) কাজ শুরুর মাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন। নটর ডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা শাহেদ কামাল স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও যোগ দেন। আজীবন অবিবাহিত শাহেদ কামাল বাংলাদেশের স্কাউট আন্দোলনে সক্রিয় ছিলেন। এছাড়া ধ্রুপদী সংগীত, চারুকলা, সাহিত্য এবং রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে তার বিশেষ অনুরাগ ও দক্ষতা ছিল। পেশাদারিত্ব, সততা এবং সাংবাদিকতা ও শিক্ষার প্রতি আজীবন নিবেদনের জন্য সহকর্মী ও অনুরাগীদের মাঝে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বাংলাফ্লো/এফআইআর






