আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এই জানাজা অনুষ্ঠিত হয়। শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি এতে ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জানাজার নামাজ মোট তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য, দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি ও জাহরা হাদ্দাদ আদেলর জন্য এবং তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জন্য নামাজ আদায় করা হয়। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন। তার মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর দেশটিতে ৯ দিনের রাষ্ট্রীয় শোকপালন ও শেষ বিদায়ের এই বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই সর্বোচ্চ নেতার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শনিবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে দর্শনার্থীরা রোববার বিকেল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ৭ জুলাই খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ এবং কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা মাজারে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






