বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ জন শিশু, যাদের মধ্যে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আজ সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ মারা যাওয়া ওই ৩ শিশু রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৮৩ জন শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯০ জন শিশুর।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৪ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৩৬ জন শিশু।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম পরিস্থিতির সার্বিক চিত্র:
মোট আক্রান্ত: ১ লাখ ৪ হাজার ৯২৬ জন শিশু (এর মধ্যে ৯৩ হাজার ৭৫৫ জনের উপসর্গ দেখা দিয়েছে এবং ১১ হাজার ১৭১ জনের হাম শনাক্ত হয়েছে)।
মোট মৃত্যু: ৬৮৩ জন শিশু (শনাক্তের পর ৯৩ জন এবং উপসর্গে ৫৯০ জন)।
হাসপাতালে ভর্তি: ৭৭ হাজার ৭৪৩ জন শিশু।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে: ৭৩ হাজার ৯৮৫ জন শিশু।
বাংলাফ্লো/এফআইআর






