বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে যাওয়া ঢাকার সড়কে ধীরে ধীরে যানবাহনের চলাচল বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় আজ রোববার (৩১ মে) রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। তবে কোথাও উল্লেখযোগ্য যানজটের সৃষ্টি হয়নি। রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালী ও বিজয় সরণিসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও স্বাভাবিক কর্মদিবসের তুলনায় সড়ক এখনো অনেকটাই ফাঁকা রয়েছে। বিভিন্ন মোড়ে গাড়ি থামতে হলেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।
রাজধানীর বাসস্ট্যান্ড ও যাত্রী ছাউনিগুলোতে এখনও মানুষের উপস্থিতি তুলনামূলক কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আজ থেকে মানুষ ফেরার প্রক্রিয়া শুরু করায় আগামীকাল থেকে সড়কে গাড়ির ও যাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে। গাবতলী-ডেমরা রুটের অছিম পরিবহনের হেলপার গোলাম রাব্বি ও মোহাম্মদপুর-আবদুল্লাহপুর রুটের প্রজাপতি পরিবহনের হেলপার শিহাব জানান, ঈদের ছুটির শুরু থেকেই যাত্রীসংখ্যা কম ছিল, তবে আজ থেকে মানুষ ফিরতে শুরু করায় কাল থেকে চাপ বাড়বে। সাভার রুটের ইতিহাস পরিবহনের হেলপার রবিন জানান, ঈদের কারণে বন্ধ থাকা অনেক গাড়ি আজ রাস্তায় নেমেছে এবং ঢাকার অভ্যন্তরীণ রুটে যাত্রী কম থাকায় অনেক বাস পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন প্রবেশপথ থেকে দূরপাল্লার যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে। উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশের ছুটিসহ ২৬ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটিতে রাজধানীজুড়ে ছিল ঈদের আমেজ এবং তুলনামূলক নিরিবিলি পরিবেশ। তবে আগামীকাল থেকেই কর্মব্যস্ত নগরী ঢাকা আবারও তার চিরচেনা স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে।
বাংলাফ্লো/এফআইআর






