বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের জনপ্রিয় ও ব্লকবাস্টার চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি কুমার এবং তাঁর স্ত্রী কৃষ্ণা প্রিয়া তাঁদের সদ্যজাত কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই তারকা দম্পতি জানান, তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন ‘মিইউ’ (Miyu)।
আজ রোববার (১৭মে) ইনস্টাগ্রামে মেয়ের ছোট্ট হাতের একটি মিষ্টি ছবি শেয়ার করে যৌথভাবে এই ঘোষণা দেন তাঁরা। ছবির ক্যাপশনে অ্যাটলি ও প্রিয়া লেখেন, “আমাদের ভালোবাসার নতুন এক নাম হলো… মিইউ— যার অর্থ সৌন্দর্য, ভদ্রতা ও ভালোবাসা।”
এর আগে গত ২০ এপ্রিল এই দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান হিসেবে এই কন্যাসন্তানের জন্ম হয়। সে সময় তাঁদের প্রথম সন্তান মীরের একটি ছবি শেয়ার করে তাঁরা লিখেছিলেন, “আমরা প্রিয়া ও অ্যাটলি এক কন্যাসন্তান লাভ করেছি। ২০ এপ্রিল ২০২৬।” চলতি বছরের জানুয়ারিতে প্রিয়ার দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তাঁরা।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাটলি ও প্রিয়া। বিয়ের দীর্ঘ ৯ বছর পর, ২০২৩ সালের ৩১ জানুয়ারি এই দম্পতির কোলজুড়ে আসে তাঁদের প্রথম সন্তান মীর। এবার মীরের খেলার সঙ্গী হয়ে ঘরে এলো ছোট বোন মিইউ।
ব্যক্তিগত জীবনের এই আনন্দের মাঝেই ক্যারিয়ারেও বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি। বর্তমানে তিনি তাঁর পরবর্তী মেগা বাজেটের সিনেমা ‘রাকা’ (Raka)-র কাজ করছেন। অ্যাকশন ঘরানার এই বিগ বাজেটের সিনেমায় মূল ভূমিকায় জুটি বাঁধতে যাচ্ছেন দক্ষিণি সুপারস্টার অল্লু অর্জুন এবং বলিউড কুইন দীপিকা পাড়ুকোন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






