স্পোর্টস ডেস্ক
ঢাকা: পর্দা ওঠার বাকি মাত্র এক বছর। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। এই উত্তজনাকে আরও বাড়িয়ে দিতে আজ শুক্রবার (১৫ মে) অফিশিয়াল থিম সং হিসেবে ‘দাই দাই’ (Dai Dai) গানটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা।
কলম্বিয়ান পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস সেনসেশন বার্না বয়-এর যৌথ কণ্ঠে গাওয়া এই গানটিকে ফিফা ‘ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন’ হিসেবে অভিহিত করেছে।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেই কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’র পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় বিরতি দিয়ে আবারো বিশ্বকাপের মূল মঞ্চে ফিরলেন শাকিরা। শাকিরার চিরচেনা উদ্দীপনা আর বার্না বয়ের আধুনিক আফ্রো-টুইস্ট গানটিকে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
প্রায় চার মিনিটের এই গানে আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেতন এবং ওয়ার্ল্ড বিটসের এক চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবল ভক্তদের মাঝে একটি প্রাণবন্ত ও প্রেরণামূলক আবহ তৈরি করতেই এই সুরের মেলবন্ধন। ফিফা নিশ্চিত করেছে যে, গানটি ইতিমধ্যে বিশ্বের সকল প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছে।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এই গানের মাধ্যমে মানবিক উদ্যোগও নিয়েছে ফিফা। গানটি থেকে প্রাপ্ত রয়্যালটির একটি নির্দিষ্ট অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে, যা বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ৪৮ দলের এই মহাযজ্ঞের সুর হিসেবে এখন থেকে মাঠ মাতাবে শাকিরার ‘দাই দাই’।
বাংলাফ্লো/এফআইআর




