বিনোদন ডেস্ক
ঢাকা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বারাকপুরের বিদায়ী বিধায়ক ও জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। গত বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে রাজের এই আকস্মিক প্রস্থান নিয়ে টালিউড এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও ২০২৬-এর নির্বাচনে তৃণমূলের পরাজয়ের সঙ্গে নিজের আসনটিও হারান রাজ। দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতাচ্যুতি এবং বিজেপির জয়ের পর বারাকপুর আসন থেকে পরাজিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। তাঁর এই হঠাৎ সরে যাওয়াকে অনেকেই ‘ক্ষমতা হারানোর ভয়’ বা ‘সুযোগসন্ধানী’ আচরণ হিসেবে দেখছেন।
রাজের এই সিদ্ধান্ত নিয়ে পরিচালক ও নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেছেন। নাম না নিলেও রাজের দিকে সরাসরি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তুলেছেন—”হেরে গেলে কি রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়? এদেরকে কি মৌলিক রাজনৈতিক শিক্ষার কোনো বই উপহার দেওয়া যায় না?”
টালিউড পাড়ায় বামপন্থী আদর্শের অনুসারী হিসেবে পরিচিত সৌরভ স্পষ্ট জানিয়েছেন, রাজনীতি মানে কেবল ক্ষমতায় থাকা নয়, বরং আদর্শের জন্য রাজপথে লড়াই চালিয়ে যাওয়া। রাজের এভাবে ময়দান ছেড়ে পালানোকে তিনি রাজনৈতিক পরিপক্বতার অভাব হিসেবেই দেখছেন। তবে সৌরভের এই সমালোচনার মুখে রাজ চক্রবর্তী এখন পর্যন্ত পাল্টা কোনো মন্তব্য করেননি।
বাংলাফ্লো/এম এইচ এইচ






