আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই বড়সড় ধাক্কা খেল দলটির শিবির। রাজ্যের হবু মুখ্যমন্ত্রী ও দাপুটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একান্ত সহকারী চন্দ্রনাথ রাথকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৬ মে) কলকাতার অদূরে মধ্যমগ্রামে এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বুধবার চন্দ্রনাথ রাথ এবং তার এক সঙ্গী গাড়িতে করে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘাতকরা তাদের গাড়িটিকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে চন্দ্রনাথের গাড়িটির গতি কিছুটা কমে এলে সুযোগ বুঝে আততায়ীরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে পরপর চারটি গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলিই সরাসরি চন্দ্রনাথের শরীরে বিদ্ধ হয় এবং তিনি মারা যান। এ সময় তার সাথে থাকা অপর ব্যক্তিও গুলিতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। সবকিছু ঠিক থাকলে এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। কিন্তু ক্ষমতা গ্রহণের ঠিক আগমুহূর্তে তার অন্যতম কাছের মানুষ ও দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী চন্দ্রনাথ রাথকে হত্যার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






