আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে তৎপরতা আরও জোরদার করেছেন মেগাস্টার থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে তার দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)। এবার সেই ঘাটতি পূরণে জোটের রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি। কংগ্রেসের সমর্থনের সবুজ সংকেত পাওয়ার পর এবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) কাছেও আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে তার দল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে চমক দেখিয়েছে বিজয়ের টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে তারা ১০ আসন পিছিয়ে রয়েছে। এমতাবস্থায় পাঁচটি আসনে জয়ী হওয়া কংগ্রেস ইতোমধ্যেই বিজয়ের সম্ভাব্য সরকারকে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এবার থোল থিরুমাভালাভানের নেতৃত্বাধীন ভিসিকে দলের কাছে সমর্থন চেয়েছে টিভিকে, যারা নির্বাচনে দুটি আসনে জয়লাভ করেছে। পাশাপাশি টিভিকে শিবিরের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দলটি সিপিআই ও সিপিএমের সমর্থনের বিষয়েও যথেষ্ট আশাবাদী। নির্বাচনে এই দুটি বামপন্থী দল দুটি করে আসনে জয় পেয়েছে। হিসাব অনুযায়ী, কংগ্রেসের ৫, ভিসিকের ২, সিপিআইয়ের ২ এবং সিপিএমের ২ জন বিধায়কের সমর্থন পেলে বিজয়ের নেতৃত্বাধীন জোটের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে; যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের চেয়ে এক আসন বেশি।
বিজয়ের এই অভাবনীয় উত্থানের বিপরীতে তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধাক্কা খেয়েছে এম কে স্টালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ডিএমকে। নির্বাচনে তাদের আসন সংখ্যা নেমে এসেছে মাত্র ৫৯টিতে। অন্যদিকে, রাজ্যের আরেক পুরোনো ও প্রভাবশালী দল এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন।
নির্বাচনে থালাপতি বিজয় নিজে দুটি আসন—ত্রিচি ইস্ট ও পেরাম্বুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে দলীয় সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দেবেন এবং পেরাম্বুর আসনটি নিজের জন্য ধরে রাখবেন। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী শূন্য হওয়া ত্রিচি ইস্ট আসনে পরবর্তীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাফ্লো/এফআইআর






