বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ বুধবার (৬ মে) বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সংসদ ভবনে পৌঁছান। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় তার আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কথা রয়েছে।
সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর, অর্থাৎ ৪টা ১৯ মিনিটে তার মনোনয়নপত্র জমা দেন। বিলম্বের কারণ দেখিয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিকভাবে তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।
ইসির এই সিদ্ধান্তের পর নিজের প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। পরবর্তীতে আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর ইসি তার মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় বৈধ বলে ঘোষণা করে এবং চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এর মধ্য দিয়েই তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ সুগম হয়।
বাংলাফ্লো/এফআইআর






