বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছিল, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে তীব্র দমকা হাওয়া ও বজ্রপাতের শঙ্কা রয়েছে।
এ ছাড়া ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসেও বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় বৈরী আবহাওয়ার এই পরিস্থিতি আরও কিছু সময় স্থায়ী হতে পারে।
বাংলাফ্লো/এফআইআর






