আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে আয়োজক সংস্থা ফিফার ওপর চরম ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। টিকিটের বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহারের অভিযোগ এনে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) এবং ইউরোপীয় ভোক্তা সংগঠন ‘ইউরোকনজিউমার্স’।
একজন দর্শক যদি প্রতিটি রাউন্ডের একটি করে মোট ৮টি ম্যাচ দেখতে চান, তবে সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটের জন্যই তাঁকে গুনতে হবে প্রায় ৫,২২৫ পাউন্ড (প্রায় ৭.৫ লক্ষ টাকা)। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এই খরচ প্রায় চারগুণ বেশি। অন্যদিকে, সবচেয়ে দামি ক্যাটাগরিতে এই খরচ দাঁড়িয়েছে ১২,৩৫০ পাউন্ডে (প্রায় ১৭.৫ লক্ষ টাকা)।
সমালোচনার মুখে ফিফা শুরুতে প্রায় ৬০ ডলার বা ৪,৩০০ টাকা মূল্যের কিছু ‘সস্তা’ টিকিট ছাড়ার কথা জানালেও, বাস্তবে এর সংখ্যা এতটাই কম যে সাধারণ সমর্থকদের কাছে তা পৌঁছানো প্রায় অসম্ভব। সমর্থক গোষ্ঠী এটিকে ‘বেইট অ্যাডভার্টাইজিং’ বা প্রতারণামূলক বিজ্ঞাপন হিসেবে অভিহিত করেছে, যা ইউরোপীয় ভোক্তা আইনের পরিপন্থী।
এফএসএ অবিলম্বে ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদার ওপর ভিত্তি করে দাম ওঠানামা করার পদ্ধতি) বন্ধ করার জোর দাবি জানিয়েছে। এছাড়া টিকিট বিক্রির অন্তত ৪৮ ঘণ্টা আগে আসন সংখ্যা এবং ক্যাটাগরি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের আসরে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে ফিফা। সংস্থাটি এটিকে নিজেদের অভাবনীয় সাফল্য হিসেবে দাবি করলেও, সমর্থকদের মতে এটি কেবল সাধারণ ভক্তদের আবেগের সুযোগ নেওয়া।
বাংলাফ্লো/এফআইআর






