বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশ পরিচালনার এই রূপরেখা তুলে ধরেন। নির্বাচনের মাত্র ৫ দিন আগে ‘করব কাজ, গড়ব দেশ’ মূলনীতিকে ধারণ করে এই ইশতেহার প্রকাশ করা হলো।
বিএনপির এবারের ইশতেহারটি মূলত পাঁচটি অধ্যায়ে সাজানো হয়েছে। প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন এবং তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারের ওপর জোর দেওয়া হয়েছে। চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির বিষয়গুলো স্থান পেয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এই ইশতেহার তৈরি করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঞ্চে আমন্ত্রণ জানালে তারেক রহমান তার বক্তব্য ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
বাংলাফ্লো/এফআইআর





