বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি এই হামলার জন্য সরাসরি মির্জা আব্বাস ও ছাত্রদলকে দায়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আব্বাসকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে—দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন।’ তিনি অভিযোগ করেন, মির্জা আব্বাসের ‘সন্ত্রাসী বাহিনী’ ও ছাত্রদলের নামধারী অছাত্ররা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অতীতের সাক্ষাতের স্মৃতিচারণ করে নাসীরুদ্দীন বলেন, ‘বেগম জিয়া আমাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি সুস্থ থাকলে দলের নেতাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন।’
হামলার ঘটনাস্থল হাবিবুল্লাহ বাহার কলেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস। সেখানে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ রয়েছে।’ তিনি দাবি করেন, হামলার মূল ‘মাস্টারমাইন্ড’ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি এবং হামলাকারীরা সাবেক ছাত্রদল নেতা, যাদের ছাত্রত্ব নেই।
নিরাপত্তা নিশ্চিত না হলে মাঠে থাকা কঠিন হবে জানিয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না। ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।’
বাংলাফ্লো/এফআইআর






