আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ জানুয়ারি) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিস্ফোরক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘প্রধানমন্ত্রী’র বদলে ‘গভর্নর’ বলে সম্বোধন করে ট্রাম্প লেখেন, “কার্নি যদি মনে করেন কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকাবে, তবে তিনি চরম ভুলের মধ্যে আছেন। কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কানাডিয়ান সব পণ্যের ওপর তাৎক্ষণিক ১০০% শুল্ক আরোপ করা হবে।”
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে অভিহিত করে আসছেন।
ট্রাম্পের এই হুমকির জবাবে কানাডার বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক সোশ্যাল মিডিয়া সাইট এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, কানাডা চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য তাড়াহুড়ো করছে না। গত সপ্তাহে চীনের সঙ্গে যে সমঝোতা হয়েছে, তা মূলত শুল্ক সংক্রান্ত কিছু সমস্যা সমাধানের জন্য। তিনি জানান, নতুন সরকার কানাডার অর্থনীতি শক্তিশালী করতে দেশে ও বিদেশে বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে।
গত বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় কানাডিয়ান পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। চীনের সঙ্গে কানাডার ঘনিষ্ঠতাকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছেন।
বাংলাফ্লো/এফআইআর






