স্পোর্টস ডেস্ক
ঢাকা: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনা খাতুনের দল। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। গোলের সূচনা করেন অধিনায়ক সাবিনা খাতুন। এ নিয়ে টুর্নামেন্টের তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল চারে। এরপর দারুণ দক্ষতায় দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রাণী সরকার। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্বের কারণে মূল জাতীয় দলের বাইরে থাকা এই দুই তারকা ফুটসালে নিজেদের অপরিহার্য প্রমাণ করে চলেছেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ফ্রি-কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন লিপি আক্তার। অন্যদিকে, নেপালের বেশ কয়েকটি আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দেন বাংলাদেশি গোলরক্ষক ঝিলি। এর আগে প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল।
এদিকে, পুরুষ ফুটসাল দলও ৩ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। আর সাবিনাদের পরবর্তী ম্যাচ বুধবার, প্রতিপক্ষও শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দলই চ্যাম্পিয়ন হবে।
বাংলাফ্লো/এফআইআর






