লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: যান্ত্রিক জীবন, দীর্ঘমেয়াদি মানসিক চাপ আর অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে অনেকেই এখন অস্থিরতা, অনিদ্রা ও মনোযোগের অভাবে ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা সমাধানে কেবল ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। সঠিক খাবার মস্তিষ্ককে শান্ত রাখতে এবং স্ট্রেস কমাতে জাদুর মতো কাজ করে, যাকে বলা হচ্ছে ‘মস্তিষ্ক শান্ত করার ডায়েট’ বা ‘ব্রেন কামিং ডায়েট’।
এই ডায়েট মূলত এমন খাবারের ওপর ভিত্তি করে তৈরি, যা মস্তিষ্কের ওপর চাপ কমিয়ে নার্ভ সিস্টেমকে সচল রাখে। লাল চাল, ওটস বা আটার রুটির মতো কমপ্লেক্স কার্বোহাইড্রেট শরীরে ধীরে শক্তি জোগান দেয়, যা মেজাজ খিটখিটে হওয়া থেকে বাঁচায়। স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সামুদ্রিক মাছ ও বাদামের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের জুড়ি নেই। এছাড়া পালং শাক, কলা ও কুমড়ার বীজে থাকা ম্যাগনেশিয়াম নার্ভ রিলাক্স করে গভীর ঘুম নিশ্চিত করে।
পুষ্টিবিদদের মতে, ডাল, ডিম ও দইয়ের মতো বি-ভিটামিন ও প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার মানসিক ক্লান্তি দূর করে এবং হজম প্রক্রিয়া ভালো রেখে স্ট্রেস কমায়। তবে মানসিক প্রশান্তির জন্য অতিরিক্ত চা-কফি, চিনি, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। যারা দীর্ঘমেয়াদি দুশ্চিন্তা, মাইগ্রেন, হরমোনাল সমস্যা বা ঘুমের অসুবিধায় ভুগছেন, তাদের জন্য এই ডায়েট অত্যন্ত কার্যকর।
বাংলাফ্লো/এফআইআর






