বিনোদন ডেস্ক
ঢাকা: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা’। সিনেমার এই ভরাডুবির পর প্রযোজনা সংস্থাকে বড়সড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে মহানুভবতার পরিচয় দিলেন অভিনেতা। নিজের পুরো পারিশ্রমিক, অর্থাৎ ১৫ কোটি রুপি তিনি ফেরত দিয়েছেন প্রযোজক করণ জোহরকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা) বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে মাত্র ৪০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। ফলে বড় অংকের লোকসানের মুখে পড়ে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। এই পরিস্থিতি সামাল দিতেই পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নেন কার্তিক।
এই ঘটনাটি করণ জোহর ও কার্তিক আরিয়ানের পুরোনো সম্পর্কের সমীকরণকেও সামনে নিয়ে এসেছে। একসময় পারিশ্রমিক ও পেশাদারিত্ব নিয়ে দুজনের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল, যার জেরে করণ জোহরের সিনেমা থেকে বাদও পড়েছিলেন কার্তিক। তবে ১৫ কোটি রুপি ফেরত দেওয়ার এই ঘটনায় বোঝা যাচ্ছে, সেই বরফ এখন গলেছে। কার্তিকের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, কারো চাপে নয়, বরং নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও ‘শেহজাদা’ সিনেমা ব্যর্থ হওয়ার পর তিনি একইভাবে পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন। বছরের শুরুটা ভালো না হলেও ভক্তরা এখন তার পরবর্তী ধামাকার অপেক্ষায়।
বাংলাফ্লো/এফআইআর






