বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: জামায়াতে ইসলামীর আমিরের শরিয়া আইন সংক্রান্ত বক্তব্যে কোনো অসংগতি দেখছেন না বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সম্প্রতি খ্রিষ্টান সম্প্রদায়কে আশ্বস্ত করতে জামায়াত আমির বলেছিলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে তারা শরিয়া আইন চাপিয়ে দেবেন না। এই বক্তব্যকে অন্যতম কারণ দেখিয়ে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘জামায়াত আমিরের কথার মূল অর্থ হলো—বর্তমান সাংবিধানিক বাধ্যবাধকতা ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হুট করে একদিনেই শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বাস্তবতার নিরিখেই ধাপে ধাপে অগ্রসর হওয়ার কথা বলেছেন। তাই তার কথায় কোনো অসংগতি নেই।’
ইসলামী আন্দোলনের জোট ছাড়ার বিষয়ে তিনি বলেন, এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই বরং সবাইকে নিয়ে নির্বাচন করতে না পারাটা একধরণের ব্যর্থতা। তবে এতে নির্বাচনে খুব বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফাঁকা হওয়া ৪৭টি আসন এখন জোটের বাকি ১০ দলের মধ্যে সক্ষমতা ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।
আগামী ১৯ জানুয়ারির মধ্যে সমঝোতা চূড়ান্ত করে বাকি প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে জানান মামুনুল হক। তিনি স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর সুযোগ নেই, তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে।
বাংলাফ্লো/এফআইআর












