বিনোদন ডেস্ক
ঢাকা: নিজের নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিগত পরিচিতির অবৈধ বাণিজ্যিক ব্যবহার ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে বিকৃতি ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের শক্তিমান ও তিনবারের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী।
অভিনেতার আইনজীবীর দায়ের করা আবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া পেজ ও অনুমোদনহীন ব্র্যান্ড অভিনেতার সম্মতি ছাড়াই তার কণ্ঠ ক্লোন করে এবং বিভিন্ন ভিডিওতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞাপনে কাজে লাগাচ্ছে। এতে তার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ দর্শক বিভ্রান্ত হচ্ছেন। তিনি অমিতাভ বচ্চন ও অনিল কাপুরের মতো নিজের ‘ব্যক্তিস্বত্ব ও গোপনীয়তার অধিকার’ (Personality Rights) সুরক্ষায় আদালতের জরুরি নিষেধাজ্ঞা আদেশ প্রার্থনা করেছেন। আদালত আবেদনটি আমলে নিয়ে বিবাদী পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












