বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘদিন পর পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত কোনো ধারাবাহিক নাটক দর্শকদের মাঝে এমন উন্মাদনা তৈরি করেছে। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি বর্তমানে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছে। ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই ধারাবাহিকের প্রতিটি পর্বে ভিউ হচ্ছে ১০ থেকে ১৫ মিলিয়নের ওপরে। এমনকি একেকটি পর্ব মুক্তির মাত্র একদিনের মধ্যেই ভিউয়ের নতুন রেকর্ড গড়ছে, যা বর্তমান সময়ে বাংলা নাটকের ক্ষেত্রে বিরল।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ফেসবুক ও টিকটকে নাটকের বিভিন্ন আবেগঘন দৃশ্য এবং সংলাপ ভাইরাল হচ্ছে। নাটকের চরিত্রগুলো—সামির, মেহরিন, ফাহাদ কিংবা আঞ্জুমান বেগম—দর্শকদের কাছে যেন পরিবারের সদস্য হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’ ট্যাগলাইনের এই গল্পে দর্শকরা নিজেদের জীবনের ছায়া খুঁজে পাচ্ছেন বলেই এটি এত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
তারকাখচিত এই সিরিয়ালে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া যায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠুর মতো জনপ্রিয় শিল্পীরা। তাদের সাবলীল অভিনয় এবং পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের বাস্তবসম্মত চিত্রায়ন নাটকটিকে দর্শকদের হৃদয়ে স্থান করে দিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






