বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। হুট করে নেওয়া এই সিদ্ধান্তের ফলে রাজধানীসহ সারা দেশের বাসা-বাড়ি ও রেস্তোরাঁয় রান্নার গ্যাস সংকট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গতকাল বুধবার এক জরুরি নোটিশের মাধ্যমে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, আজ থেকে বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। এমনকি বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট বা কারখানা থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস না পাওয়ায় তারা এমন কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজি সিলিন্ডারের মূল্য নতুন করে সমন্বয় করা এবং প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের অযথা হয়রানি ও জরিমানা বন্ধ করা। ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যায় তারা অনির্দিষ্টকালের জন্য গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
বাংলাফ্লো/এফআইআর






