বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে চলা সব জল্পনা-কল্পনা আর ভিসা জটিলতার শঙ্কা কাটিয়ে অবশেষে শুরু হলো শুটিং। মঙ্গলবার থেকে ঢাকায় এই বিগ বাজেটের সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। যদিও শাকিব খান এখনই সেটে উপস্থিত থাকছেন না; তিনি আগামী সপ্তাহ থেকে শুটিংয়ে অংশ নেবেন। পরিচালক জানিয়েছেন, আপাতত ঢাকায় চারদিনের একটি ছোট শিডিউল রাখা হয়েছে। এরপর পুরো শুটিং ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায়, যেখানে সিনেমার সিংহভাগ দৃশ্যধারণ সম্পন্ন হবে।
সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। তবে নির্মাতা আবু হায়াত মাহমুদ সেই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, এটি ভিন্ন গল্পের সিনেমা।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুই বাংলার একঝাঁক তারকাকে। এতে নারী প্রধান চরিত্রে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। এছাড়া কাস্টিংয়ে আরও চমক হিসেবে থাকছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজের মতো শক্তিশালী অভিনেতারা। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
বাংলাফ্লো/এফআইআর






