বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অপরাধ দমনে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— নাজমুল, আরমান, রনি, জহির ইকবাল ইকরাম, ওমর ফারুক, বাবু, নাসির হালদার, আলম খান বেবি, আসাদ, শামীম, শফিক, জাহাঙ্গীর, ইব্রাহিম, ফরিদ, পিন্টু, সুজন (১৮), আব্দুর রহমান নয়ন, মজিব, সুজন (২৮), শাওন এবং ফারুক। তাঁদের মধ্যে কেউ নিয়মিত মামলার আসামি, আবার কেউ পরোয়ানাভুক্ত আসামি বা স্থানীয় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
ডিসি তালেবুর রহমান বলেন, “এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






