বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)— এই চার দলের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে গেছে। মূলত, এনসিপির একটি অংশের আপত্তিতে ‘আপ বাংলাদেশ’কে জোটে না নেওয়ার সিদ্ধান্তে জোটের ঘোষণা পিছিয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহীদ আবু সাঈদ কনভেনশনে নতুন জোটের আত্মপ্রকাশ নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
এবি পার্টির সহ-দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু জানান, বৈঠকটি মাঝরাতে হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “এনসিপি আপ বাংলাদেশকে নিতে চাচ্ছে না। তাদের নিজেদের মধ্যে কোন্দল আছে। জোট হবে তবে একটু দেরি হচ্ছে।”
এনসিপির একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠকে দলের একাংশ ‘আপ বাংলাদেশ’কে জোটে নেওয়ার বিরোধিতা করে। ফলে বিষয়টি পাস করাতে পারেনি এনসিপি এবং শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে, আপ বাংলাদেশকে নিয়ে তারা জোট করবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক নেতা জানান, জোটের অন্য শরিকরা যদি আপ বাংলাদেশ ছাড়া জোট করতে রাজি না হয়, তবে পুরো জোট প্রক্রিয়াটিই অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ গণমাধ্যমকে জানান, জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে এবং আলোচনা চলছে। এনসিপির আপত্তির বিষয়ে তিনি বলেন, “আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি।”
বাংলাফ্লো/এফআইআর






