অন্তর্বর্তী সরকার প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে—শফিকুল আলম
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারকে “গত কয়েক দশকে বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি” বলে দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি দাবি করেছেন, এই সরকার তাদের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তাঁর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে, তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম প্রথমে বিরোধীদের সমালোচনাগুলোকে তুলে ধরেন, যেখানে অন্তর্বর্তী সরকারকে ‘দুর্বল’, ‘অদক্ষ’ এবং ‘কিছু না করা, মাখন-খাওয়া দল’ বলে ব্যঙ্গ করা হয়েছে। তিনি লেখেন:
“তবুও, পেছনে তাকিয়ে আমি দৃঢ়ভাবে বলি— এটি গত কয়েক দশকে বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি। তারা তাদের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে।”
প্রেস সচিব এই ১৫ মাসের সরকারের প্রধান অর্জনগুলো তুলে ধরেন:
জবাবদিহিতা ও বিচার: আদালতের কার্যক্রম অনুযায়ী, অতীতের নিপীড়নের জন্য জবাবদিহিতা শুরু হয়েছে, এবং শেখ হাসিনাকে তার অবস্থান দেখিয়ে দেওয়া হয়েছে।


অর্থনৈতিক স্থিতিশীলতা: অর্থনীতি স্থিতিশীল হয়েছে ও পুনরায় প্রবৃদ্ধির পথে ফিরেছে। ব্যাংকিং খাতের লুটপাট রোধ করা হয়েছে। মূল্যস্ফীতি ১৪ শতাংশ থেকে নেমে ৭ শতাংশে এসেছে।
বিনিয়োগ: বিশ্বের অন্যতম শীর্ষ বন্দর অপারেটরের সঙ্গে লালদিয়া টার্মিনাল চুক্তি স্বাক্ষর করেছে—যা বাংলাদেশের শিল্প রূপান্তরের ভিত্তি স্থাপন করেছে এবং এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ইউরোপীয় বিনিয়োগ।
সংস্কার ও আইন: মাত্র ১৫ মাসে রেকর্ড সংখ্যক আইন পাস হয়েছে, যার মধ্যে বিস্তৃত শ্রম সংস্কার আইনও অন্তর্ভুক্ত।
নিরাপত্তা ও বাকস্বাধীনতা: গুম বন্ধ হয়েছে। গত ১৬ মাসে একটিও সাজানো “ক্রসফায়ার” ঘটনার রিপোর্ট পাওয়া যায়নি। গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
শফিকুল আলম তাঁর লেখায় উপসংহার টানেন, “আমাদের ইতিহাসের এক আগ্রহী পাঠক হিসেবে আমার বিশ্বাস — বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এত কিছু অর্জন করতে পারেনি, যতটা অন্তর্বর্তী সরকার (আইজি) এই পনেরো মাসে করেছে।”
বাংলাফ্লো/এফআইআর






