মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার যৌন হেনস্থার শিকার হয়েছেন। বৃহস্পতিবার ইন্দোরে টিম হোটেল থেকে হেঁটে একটি ক্যাফেতে যাওয়ার পথে ঘটে এ ঘটনা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটে খাজারানা রোডে। দুই নারী ক্রিকেটার র্যাডিসন ব্লু হোটেল থেকে বের হয়ে হেঁটে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং একজন খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়।
দুই খেলোয়াড় সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে খবর দেন। তিনি স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের ব্যবস্থা করেন।
পুলিশের উপ-পরিদর্শক নিধি রঘুবংশী জানান, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রাখেন। সেই সূত্রে পুলিশ আকিল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আকিলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, বলেও তিনি জানান।


