আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র হামলায় গত চার দিনে পুলিশ ও সেনাবাহিনীর অন্তত ৪২ সদস্য নিহত হয়েছেন। বুধবার দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, গত চার দিনে বেলুচিস্তানে তিনটি বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মাতৃভূমি রক্ষা করতে গিয়ে ৪২ জন সামরিক-বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতের মদতপুষ্ট ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে আইএসপিআর মহাপরিচালক জানান, গত ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সন্ত্রাসীরা স্থানীয় জনগণের ওপর হামলা চালালে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হন। তবে স্থানীয়রা সাহসিকতার সঙ্গে লড়াই করে ওই সন্ত্রাসীদের পালিয়ে যেতে বাধ্য করেন। এরপর ৬ জুলাই মাঙ্গি বাঁধের কাছে একটি পুলিশি তল্লাশি চৌকিতে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। ওই চৌকিতে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে প্রাথমিক লড়াইয়ে ১৫ জন সন্ত্রাসীকে হত্যা করেন, তবে এ সময় পুলিশের ৯ সদস্যও নিহত হন।
নিরাপত্তা বাহিনী ওই এলাকায় পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা জিম্মি করে ফেলা আরও ১৮ পুলিশ সদস্যকে হত্যা করে। ফলে মাঙ্গি তল্লাশি চৌকিতে হামলায় মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হন। নিহত এসব পুলিশ সদস্য বেলুচিস্তানের বাসিন্দা ছিলেন। আইএসপিআর জানায়, গত ৬ জুলাই থেকে জিয়ারতের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর জোরদার অভিযান চলছে। এই অভিযানে আরও ১১ জন সন্ত্রাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং নিহত সন্ত্রাসীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর




