বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার (৩১ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েক দিন আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রবিবার (১ ফেব্রুয়ারি) ও বুধবার (৪ ফেব্রুয়ারি) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মাঝের সময়টাতে অর্থাৎ সোমবার (২ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
বাংলাফ্লো/এফআইআর






