বাংলাফ্লো প্রতিবেদক ঢাকা: রাজধানীর মিরপুরের পর এবার ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে তীব্র শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে শিল্পনগরী গাজীপুরে। আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হামলায় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কালিয়াকৈর, কোনাবাড়ী ও ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন হাজার হাজার তৈরি পোশাক শ্রমিক। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিক্ষোভের সুযোগ নিয়ে একদল উশৃঙ্খল অনুপ্রবেশকারী পুলিশের টহল গাড়ি ও ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। শিল্প এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা রোধে শিল্প পুলিশ ও অতিরিক্ত ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ শ্রমিকদের দাবির আড়ালে যারা সহিংসতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












