আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা:
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কাটছাঁট ও দীর্ঘমেয়াদি কৌশলগত নীতি পরিবর্তনের অংশ হিসেবে ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকেও সেনা প্রত্যাহার কার্যক্রম জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগন ও বাগদাদের মধ্যকার পূর্বনির্ধারিত যৌথ নিরাপত্তা রোডম্যাপ অনুসারে এই প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।
জানা গেছে, কুর্দিস্তান অঞ্চলের এরবিলসহ কৌশলগত কয়েকটি বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক সরঞ্জাম ও সদস্যদের পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হচ্ছে। দীর্ঘ সময় ধরে আইএসআইএস প্রতিরোধ অভিযানের নামে এসব ঘাঁটিতে মার্কিন ও পশ্চিমা জোটের সেনা অবস্থান করছিল। তবে ইরাকি সার্বভৌমত্ব সুসংহত করতে কেন্দ্রীয় সরকারের সাথে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় আলোচনার পর সামরিক মিশনের সমাপ্তি টেনে কেবল প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সহায়তার মতো অ-সামরিক সম্পর্কে রূপান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।
বাংলাফ্লো/এম এইচ এইচ












